রাজনীতিপ্রধান খবর

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দেন। গতকাল রোববার রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, “গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমার এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করবো।” তিনি অভিযোগ করে বলেন, অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু কথা শুনে মনে হচ্ছে-ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেওয়ার মালিক তারা কে? আল্লাহ এবং জনগণই এই দেশের সিটের মালিক।” বিএনপির এই নেতা আরও বলেন, “আমাকে ঘায়েল করতে তারা সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলা হয়েছে। এই শ্রেণির মানুষ জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।” মির্জা আব্বাস বলেন, “তারা অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বক্তব্য দিচ্ছে। বিশেষ কোনো শক্তি তাদের পেছনে কাজ করছে বলে মনে হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা চলছে, তবে জনগণ তা প্রতিহত করবে।”

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!