মুশফিক-তামিমের ইনজুরি নিয়ে যা বললেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার ভোরে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যু ম্যাকাইতে গতকাল শুক্রবার শেষ দিনের মতো টাইগাররা অনুশীলন করেছে। তবে আগেরদিন অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিমকে নিয়ে এখন সবার ভাবনা। গতকাল সকালে আঙুলে স্ক্যান করিয়েছেন তামিম। এরপর তাকে ব্যাটিং-ও করতে দেখা গেছে। এ ছাড়া মুশফিকের ইনজুরির অবস্থাও জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’ তামিমের খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’ ম্যাকাইয়ের উইকেটে বোলাররা সুবিধা পাবে দাবি করে শান্ত বলেন, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।’




