সারাদেশ

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জামায়াতের সাবেক আমির কারাগারে

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় বহু আলোচিত আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে র‍্যাব তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ।
থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আরও জানা গেছে,আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র‍্যাব-১৪ আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!