দল হারলেও বল হাতে দ্যুতি ছড়ালেন হাসান

লাল বলের পর এবার সাদা বলেও কেন্ট ক্রিকেটের হয়ে অভিষেক হলো হাসান মাহমুদের। যথারীতি বল হাতে দেখিয়েছেন উজ্জ্বল পারফরম্যান্স। তাতে দল না জিতলেও ম্যাচে দলের সেরা বোলার তিনিই। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে কেন্ট মুখমুখিহ হয় হ্যাম্পশায়ারের। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রান জড়ো করে হ্যাম্পশায়ার। ৩ উইকেটের একটি পান হাসান। ২য় ওভারেই হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক স্যাম বিলিংস। ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে টনি আলবার্টকে বোল্ড করেন হাসান। এরপর জেমস ভিন্স ও জো ওয়েদারলি ১০১ রানের জুটি গড়ে পথ দেখান হ্যাম্পশায়ারকে। ভিন্স ৪০ বলে ৬৩ ও ওয়েদারলি ৪৭ বলে ৬১ রান করেন। ওয়েদারলি ছিলেন অপরাজিত। এছাড়া ২৪ বলে ৪১ রান করেন ট্রিস্টান স্টাবস। দলের অন্য সবার ইকোনোমি রেট যেখানে ন্যূনতম ৮ ছিল, হাসান সেখানে ৬.২৫ ইকোনোমিতে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে বাগিয়ে নেন একটি উইকেট। জবাব দিতে নেমে কেন্ট ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। তাওান্দা মুয়েয়ে ও জ্যাক ক্রোলির দ্বিতীয় উইকেটে গড়া ৬৬ রানের পার্টনারশিপের পরও ১৭১ রানে গুটিয়ে যায় দল, ৪ বল বাকি থাকতেই। মুয়েয়ে ৩০ বলে ৫০ রান করেন। ১৭ বলে ৩৩ রান করেন ক্রোলি। এছাড়া ২৫ রান আসে গ্র্যান্ট স্টুয়ার্টের ব্যাট থেকে। হ্যাম্পশায়ারের পক্ষে সনি বেকার চারটি ও স্কট কার্ল তিনটি উইকেট পান। ১৯ রানে জেতে হ্যাম্পশায়ার।




