বাংলাদেশ সিরিজের আগে অজি শিবিরে চোটের ধাক্কা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে সাবেক বিশ^চ্যাম্পিয়নরা খানিকটা দুশ্চিন্তায় পড়েছে ইঞ্জুরির কারণে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া দলেও হানা দিয়েছে চোট-সমস্যা। অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিস পিঠে চোট পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে হতে যাওয়া প্রথম টেস্টে তার অংশ নেওয়া অনিশ্চিত। ব্রিসবেনে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনেই এই চোটের খবর আসে, যা দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাগতিক দলের। ক্যাম্পের প্রথম দিন নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেখানেই চোট পান ইংলিস। একটি শট খেলেই অস্বস্তি বোধ করা শুরু করেন। এরপর পিঠের পেশির খিঁচুনি নিয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। কোডস্পোর্টস তাদের প্রতিবেদনে দাবি করেছে, ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের চোট তেমন গুরুতর নয়। তবে তার অতীতেও পিঠের চোটের ইতিহাস থাকায় এবার সতর্ক অবস্থানে টিম ম্যানেজমেন্ট। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ইংলিসের আগে থেকেই পিঠের সমস্যার ইতিহাস রয়েছে। যদিও এবারের চোটকে গুরুতর মনে করা হচ্ছে না, তবু ব্রিসবেনে দলের প্রস্তুতি শিবির শুরুর পর এমন চোট তার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। আগামী সপ্তাহে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিসের খেলার সম্ভাবনা খুবই কম। তবে আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সম্ভাব্য ২১টি টেস্ট ম্যাচ রয়েছে। তাই দলে পরিবর্তন এবং নতুন খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট।’ আপাতত ইংলিসকে দ্বিতীয় টেস্টে খেলানোর কথাই ভাবছে অজি টিম ম্যানেজমেন্ট। এর আগে এপ্রিলের শেষদিকে আইপিএলে ফিল্ডিং করতে গিয়ে হাতের আঙুলে চোট পান তিনি। মে মাসে চোট কাটিয়ে আবারও আইপিএলে ফেরেন। মিচেল মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সফরে দলকে নেতৃত্বও দেন। স্পিনের বিপক্ষে তার পারদর্শিতা থাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিসের খেলতে না পারা অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ হবে। তার চোট নিয়ে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দলে আরেক উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি রয়েছেন। এছাড়া ব্যাটিং ইউনিটে আরও রয়েছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ ও জ্যাক ওয়েদারাল্ড। আছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের মতো অলরাউন্ডারও।




