মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য সুসংবাদ: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য সুসংবাদ, এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিগত বিশ বছরে দেশের যে পরিমান ক্ষতি হয়েছে, দেশ পিছিয়ে গেছে, আগামী ৫ বছর কাজের মাধ্যমে আমরা সেই ক্ষতি পূরণ করে দিয়ে যেতে চাই। শুক্রবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রী নিজ এলাকায় উপজেলা প্রসাশন, প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যে অবস্থানে ছিলাম তার থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আপনারা শুনে খুশি হবেন আমরা ইতিমধ্যে সকল প্রোগ্রাম হাতে নিয়েছি। বিগত সরকারের খারাপ কাজগুলো আমাদের ভালো কাজের মাধ্যমে দেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, বিএনপির নেতৃত্বাধীন সরকার অন্য সময়ের সরকারের মতো কাজ করছেনা। বাংলাদেশ এমন পরিবর্তন হবে যে ভবিষ্যতে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবেনা।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
এছাড়াও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৫ হাজার টাকা করে ৪৭ জন উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান, প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও বাইসাইকেল বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।




