জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ঢাকাগামী আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুফিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম(৬০) জামালপুর শহরের ডাকাপাড়া এলাকার আব্দুল আজিজের স্ত্রী।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের কাছেই রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জামালপুর এক্সট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। পরে পিবিআইয়ের মাধ্যমে ওই বৃদ্ধার আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়। পরিচয় সনাক্ত হওয়ার পর তার পরিবারকে খবর দেয়া হয়েছ এবং লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতারে প্রেরণ করা হচ্ছে।
নিহতের স্বামী আব্দুল আজিজ জানান, মাগরিবের নামাজে যাওয়ার সময় বাসার গেইটের সামানেই তার স্ত্রী সুফিয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখেন। নামাজ শেষ করে বাসায় এসে স্ত্রীকে দীর্ঘ সময় না পেয়ে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ শুরু করেন। পরে রেলওয়ে থানার মাধ্যমে খবর পেয়ে স্ত্রী সুফিয়া বেগমের মরদেহ সনাক্ত করেন।




