আন্তর্জাতিক

কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা, শঙ্কায় মুসলিমরা

কানাডার ভিক্টোরিয়ায় অবস্থিত বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গত শনিবার প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, শেখ ইব্রাহিম গত বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে নামাজ আদায় শেষে নিজের গাড়িতে বসে ছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ তার গাড়ির দরজা জোরপূর্বক খুলে তার ওপর আক্রমণ করে। হামলার সময় ওই ব্যক্তি ইসলামবিদ্বেষী শব্দ ব্যবহার করে গালাগালি করে এবং তাকে উদ্দেশ্য করে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করতে থাকে। বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে গত ৪৮ ঘণ্টা ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা, যাতে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার যথাযথ জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। বিবৃতিতে কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ‘একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি আমাদের সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার ভয়াবহ বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ।’ এতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকায় আমরা নীরব থাকতে পারি না। এটি একটি গুরুতর সামাজিক সমস্যা, যার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।’ এ ছাড়া সংস্থাটি কানাডার সব স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রকাশ্য নিন্দা জানান এবং এ ধরনের ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে, তারা যেন ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে। একই সঙ্গে এটি ঘৃণামূলক অপরাধ (হেইট ক্রাইম) কি না, তা গুরুত্বসহকারে যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইমাম শেখ ইব্রাহিমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!