খেলাধুলা

স্লো ওভার-রেটের কারণে জরিমানা গুনল শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও জরিমানা গুণতে হচ্ছে শ্রীলঙ্কা জাতীয় দলকে। স্লো ওভার-রেটের (ধীর বোলিং) কারণে লঙ্কানদের জরিমানা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ^ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘জ্যামাইকায় ৩ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার সম্পন্ন করার দায়ে শ্রীলঙ্কাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’ আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে নির্ধারিত সময়ে একটি দল যত ওভার কম বোলিং করবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। লঙ্কান ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিলেন। তাই তাদের ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ৩ জুন সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৩০৩ রান জড়ো করে শ্রীলঙ্কা। দলের পক্ষে পাথুম নিসাঙ্কা ৭৯ রান ও অধিনায়ক কুশল মেন্ডিস ৭২ রান করেন। জবাব দিতে নেমে ২৬২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ, বৃথা যায় অধিনায়ক শাই হোপের হাফসেঞ্চুরি। ৪১ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!