জামালপুরে ঘুষি দিয়ে অটো চালকের নাক ফাটালো ট্র্রাফিক ইন্সপেক্টর

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর ট্রাফিক ইন্সপেক্টরের ঘুষিতে নাক ফেটে রক্তাক্ত হয়েছেন ব্যাটারি চালিত অটোরিক্সার এক চালক। সোমবার দুপুরে জামালপুরের বিসিক শিল্প নগরী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত অটোরিক্সা চালক জামালপুর পৌর শহরের বটতলা এলাকার আব্দুল বারী মিয়ার ছেলে শুভ।
জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়দের সড়ক অবরোধের কারনে সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে বিসিক শিল্প নগরীর প্রধান ফটকের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন। এমন সময় বিপরিত পাশ থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিক্সা ট্রাফিক নির্দেশনা অমান্য করে প্রধান সড়কে তুলে দেয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন অটোরিক্সা চালক শুভকে প্রথমে গালে চড়-থাপ্পড় এবং পড়ে ঘুষি মারলে নাক ফেটে রক্তাক্ত হয়। এ সময় স্থানীয় লোকজন এবং সংবাদকর্মীরা ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ঘুষি মেরে আহত করার বিষয়ে জানতে চাইলে তাদের সাথে বাকবিতন্ডা হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আহত অটোরিক্সা চালককে চিকিৎসা দেওয়ার জন্য অটোরিক্সায় দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাধারণ মানুষের উত্তেজনা দেখা দেয়।
আহত অটোরিক্সা চালক শুভ জানান, আমি রাস্তায় গাড়ি ঢুকানোর পরে ট্রাফিক পুলিশ আমাকে এসেই থাপ্পড় দিয়ে ঘুষি মেরে নাক মুখ রক্তাক্ত করে দেয়। আমার কি দোষ সেটা আমাকে তো বলতে হবে, না বলেই মারধর শুরু করে দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই, এভাবে পুলিশ আমাকে মারতে পারে না।




