আন্তর্জাতিক

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ক্রুজ শিপ থেকে বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার মধ্যেই এ খবর সামনে এসেছে। গতকাল গতকাল সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানিয়েছেন, এমভি হন্ডিয়াস ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। ফ্রান্স ইন্টার রেডিওকে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুতেই ব্যবস্থা নেওয়া এবং ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া। আজ যে ডিক্রি জারি হয়েছে, তা আমাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন আরও জোরদার করতে এবং জনগণকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত আরও চারজন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং কর্তৃপক্ষ ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, দেশে ফেরার একটি বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিক পজিটিভ শনাক্ত হয়েছেন। আরেকজনের হালকা উপসর্গ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। এছাড়া এমভি হন্ডিয়াসের ওই ফ্লাইটে থাকা ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আলজাজিরা জানিয়েছে, নতুন এই দুই রোগীসহ মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর কথা জানিয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত চারজন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করেছিল। জাহাজটিতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি কয়েক সপ্তাহ ধরে আটকে ছিল। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন, তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!