বিনোদন

দৃষ্টিহীন তরুণের পাশে দাঁড়ালো ‘অ্যাশেজ’

ব্যান্ড ‘অ্যাশেজ’-এর গানে বুঁদ হয়ে থাকে তরুণদের অনেকে। জীবনের নানাবিধ ব্যর্থতা ও হতাশায় জুনায়েদ ইভানের কথা-সুর-কণ্ঠ যেন তাদের সঙ্গ দেয়। এসবের ফাঁকে মানবিক কাজেও সরব ব্যান্ডটি। দেশজুড়ে তাদের ব্লাড ব্যাংক রয়েছে। সেখান থেকে স্বেচ্ছায় রক্তদান সেবা চলমান। এছাড়া প্রায়ই অসুস্থ মানুষের চিকিৎসায় এগিয়ে আসে দলটি। এবার এক দৃষ্টিহীন তরুণকে সুস্থ করার দায়িত্ব নিলো ‘অ্যাশেজ’। বিষয়টি জানিয়েছেন দলটির প্রধান জুনায়েদ ইভান। ফেসবুক বার্তায় ইভান লেখেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সাথে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’ ইভানের এই আহ্বানে সাড়া দিচ্ছেন অনেকে। ভক্তদের পাশাপাশি অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশও বলেছেন, ‘ইভান ভাই, আমি আছি আপনার সাথে। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন (পলাশের সংগঠন) থাকবে আপনার সাথে।’ এদিকে দৃষ্টিহীন ওই তরুণের প্রসঙ্গে ইভান জানান, সে দরিদ্র পরিবারের সন্তান। কয়েক বছর আগে অসুস্থতায় চোখের আলো হারিয়েছে। বাবা রিকশাচালক। তাই চিকিৎসার ব্যবস্থাও করতে পারছেন না। ইভান বলেন, ‘ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ শিল্পী আরো জানান, এক মাসের মধ্যে ওই তরুণের চিকিৎসার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চান তারা। সরাসরি অর্থের জোগান না হলে কনসার্টের পরিকল্পনাও রয়েছে তাদের। উল্লেখ্য, এ পর্যন্ত শতাধিক ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত মানুষকে সহায়তা দিয়েছে ‘অ্যাশেজ’, যা দেশের ব্যান্ড তথা গোটা শিল্পী সমাজের মধ্যেই বিরল ঘটনা। গানের পাশাপাশি ভীষণ আন্তরিকতা নিয়েই এ কাজ করে যাচ্ছেন ইভান ও তার সতীর্থরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!