বাপ্পার নতুন গান ‘গলে যাওয়া সময়’

সময়, জীবন আর হারিয়ে যাওয়া মুহূর্তের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘গলে যাওয়া সময়’ শিরোনামের গানটির কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সম্প্রতি বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির গানচিত্র। এতে সময়ের অবিরাম চলে যাওয়া এবং অতীতে ফিরে যেতে না পারার অনুভূতি উঠে এসেছে। ‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া, ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া’ এমন কথায় জীবনের ফেলে আসা সময়কে তুলে ধরেছেন শিল্পী। নিজের লেখা গানে সম্প্রতি নিয়মিতই কণ্ঠ দিচ্ছেন বাপ্পা। এর কারণ হিসেবে নিজের ভাবনাগুলো নিজের মতো করে প্রকাশ করার তাগিদের কথা জানিয়েছেন তিনি। বাপ্পা বলেন, “সাম্প্রতিক সময়ে আমি বেশ কয়েকটি গান লিখেছি। তারই একটি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গানই তো করি। তবে নিজস্ব কিছু ভাবনা থাকে, যেগুলোকে নিজের মতো করে প্রকাশের তাগিদে লিখতে হয়।” গানটির ভিডিও নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সাধারণত মিউজিক ভিডিও নির্মাণ করেন না এই নির্মাতা। তবে বাপ্পার কাছ থেকে গানটি শোনার পর ভালো লেগে যাওয়ায় এবার ভিডিও নির্মাণে যুক্ত হয়েছেন তিনি। মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “গানটি প্রথম যেদিন বাপ্পা দা আমাকে শোনান, সেদিনই ভালো লেগে যায়। কারণ, এটি আমার পছন্দের জনরার। আমি সচরাচর মিউজিক ভিডিও বানাই না। কিন্তু গানটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।” এর আগে নিজের কথা ও সুরে ‘বুড়ো নাবিকের গল্প’ গানটি প্রকাশ করেছিলেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এদিকে সম্প্রতি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রূপালি গিটার’-এ কণ্ঠ দিয়েছেন বাপ্পা। গিটার জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামে গানটি রাখা হয়েছে।




