‘টক্সিক’ নারীবিদ্বেষী? বিতর্কের জবাব দিলেন যশ

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। প্রথম দিনের আগাম বুকিংয়ে ইতোমধ্যে লাখ লাখ টিকিট বিক্রি হয়েছে। তবে সিনেমাটি ঘিরে শুধু বক্স অফিসের উত্তেজনাই নয়, নারী চরিত্রের উপস্থাপন নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। দর্শকদের একাংশ ছবিটিকে ‘নারীবিদ্বেষী’ বললেও সেই অভিযোগ সরাসরি খারিজ করেছেন যশ। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১২ হাজার ৬০৯টি শোতে ‘টক্সিক’-এর ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগাম বুকিং থেকে আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৩৮ লাখ রুপিতে। কন্নড় ও হিন্দি সংস্করণ থেকেই এসেছে বড় অঙ্কের আয়। কন্নড় সংস্করণ থেকে প্রায় ৯ কোটি ৬০ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ৭ কোটি ৭২ লাখ রুপি এসেছে। প্রিমিয়াম স্ক্রিনিং থেকেও যুক্ত হয়েছে উল্লেখযোগ্য আয়। আগাম বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কর্ণাটক। সেখানে ১ হাজার ৭৪৪টি শো থেকে আয় হয়েছে ১০ কোটি ৬৯ লাখ রুপি। এরই মধ্যে ৭৪২টি শো প্রায় পূর্ণ হয়ে গেছে। শোর সংখ্যার হিসাবে এগিয়ে গুজরাট ও মহারাষ্ট্র। গুজরাটে ২ হাজার ৩১৯টি এবং মহারাষ্ট্রে ২ হাজার ১৮৯টি শো রয়েছে। তবে আয়ের দিক থেকে এই দুই রাজ্য কর্ণাটকের তুলনায় পিছিয়ে। ছবিটির প্রচারণার শুরু থেকেই নারী চরিত্রের উপস্থাপন নিয়ে প্রশ্ন উঠেছে। টিজারে যশের চরিত্রের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ দৃশ্য এবং পরে ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে সমালোচনা হয়। ট্রেলার প্রকাশের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। বিশেষ করে ছবিতে থাকা নারী চরিত্রগুলোর ব্যাপ্তি ও তাঁদের উপস্থাপন নিয়ে দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন। এই সমালোচনার জবাব দিয়েছেন যশ। শনিবার হায়দরাবাদে আয়োজিত সিনেমাটির প্রাক্ মুক্তি অনুষ্ঠানে নারী দর্শকদের উদ্দেশে তিনি বলেন, সিনেমাটি পুরোটা দেখার পরই যেন তাঁরা মতামত দেন। তাঁর দাবি, ট্রেলার ও প্রচারণার কিছু দৃশ্য দেখে ‘টক্সিক’ সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, পুরো সিনেমার গল্প তার চেয়ে আলাদা। যশ বলেন, “আমি তরুণীদের কিছু বলতে চাই। এই সিনেমার পরিচালকও একজন নারী, গীতু মোহনদাস। জীবনে কিছু অর্জন করা সবার জন্যই কঠিন। তবে আপনাদের জন্য সেটা দ্বিগুণ কঠিন। সমাজ সব সময় হয়তো আপনাদের গ্রহণ করতে চাইবে না। মানুষ প্রশ্ন তুলবে, একজন নারী আবার কী করতে পারেন!”গীতু মোহনদাসের প্রশংসা করে যশ আরও বলেন, “এই পরিচালক প্রমাণ করবেন, প্রত্যেক মেয়ে ও নারী যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, নিজের চিন্তা ও ভাবনা প্রকাশ করতে পারেন এবং এই সমাজে নিজের শর্তে সফল হতে পারেন।” নারীবিদ্বেষী সিনেমার অভিযোগ প্রসঙ্গে যশের বক্তব্য, ট্রেলার যে ধারণা দিয়েছে, সিনেমাটি তার বিপরীত। তাঁর ভাষায়, “এই সিনেমা সত্যিকার অর্থেই নারীদের কণ্ঠস্বর তুলে ধরে।” ‘কেজিএফ’ সিরিজের সাফল্যের পর যশের পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তিনি কোন বড় পরিচালকের সঙ্গে কাজ করবেন এবং কী ধরনের বাণিজ্যিক গল্প বেছে নেবেন, তা নিয়েও আলোচনা ছিল। তবে গীতু মোহনদাসের সঙ্গে কাজের সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে ভিন্ন দিকে নিয়ে যায়। গীতুকে নিয়ে যশ বলেন, “কেজিএফ’-এর পর মানুষ ভাবছিল, যশ কোন বড় পরিচালকের সঙ্গে কাজ করবে, কিংবা পরবর্তী কোন বাণিজ্যিক ফর্মুলা অনুসরণ করবে। কিন্তু সে বলেছিল, ‘আমার টাকার প্রয়োজন নেই। আপনি আমাকে ইতিমধ্যে যথেষ্ট দিয়েছেন।” নিজের সাফল্য ও সম্পদ প্রসঙ্গেও যশের বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, “আমার সম্পদের কারণে আমি সম্মান পাই না। আমি আমার কাজের জন্য সম্মান পাই।” গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি বুধবার (২৬ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কন্নড়ের পাশাপাশি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ছবিটি। এখন আগাম বুকিংয়ের এই সাড়া মুক্তির পর বক্স অফিসে কতটা প্রভাব ফেলে, সেটিই দেখার অপেক্ষা।




