আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো নতুন অনুরোধ জানায়নি: অস্ট্রেলিয়া

ইরান বা হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কাছে কোনো ‘নতুন অনুরোধ’ আসেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গতকাল শুক্রবার অ্যালবানিজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করলেও এ বিষয়ে নতুন কোনো অনুরোধ জানানো হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র। দেশটি আগে থেকেই জানিয়ে আসছে, তারা ইরান সংঘাতে সরাসরি জড়িত নয়। তবে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু রাখার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। এদিকে, ইরান যুদ্ধে সহায়তা না করার জন্য ট্রাম্প একাধিকবার অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার ওপর খুশি নই, কারণ আমরা যখন তাদের পাশে চেয়েছিলাম, তখন তাদের পাওয়া যায়নি।’ হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সেখানে পাওয়া যায়নি।’ জবাবে অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, ইরান প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি তিনি নিজেই সামলাবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে নতুন করে কোনো অনুরোধই আসেনি।’ এদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস গতকাল শুক্রবার জানান, হরমুজ প্রণালী নিয়ে তারা ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন। অস্ট্রেলীয় কর্মকর্তারা জানান, গত মাসে ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষায় সহায়তার জন্য ক্যানবেরাকে অনুরোধ জানালে, অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতকে সুরক্ষা দিতে একটি ‘ই- সেভেন ওয়েজটেল’ নজরদারি বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!