সারাদেশ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলা নববর্ষকে বরণ করে নিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলে দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন।

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে জেলা প্রশাসনসহ উদীচী শিল্পী গোষ্ঠী, নবাঙ্কুর, কলতান কঁচিকাচার মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হক, পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন, সিভিল সার্জন ডা: আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!