সারাদেশ

বায়তুল মোকাররম এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৬, বিভিন্ন মেয়াদে সাজা

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। পরে তাদের বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে পল্টন থানা পুলিশের সদস্যরা আকস্মিক অভিযান চালায়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গতকাল বুধবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এদিকে, গত মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। আরিফা আখতার প্রীতি জানান, যাত্রাবাড়ী থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানা পুলিশ গত মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আরিফা আখতার প্রীতি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলবে বলে জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!