ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গতকাল সোমবার থেকে সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টর, অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি গ্রহণে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান। তিনি বলেন, উৎসবটি সফল করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।




