নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি। এর কৃতিত্ব আপনাদের। আপনারা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং আজকে সংগঠনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাই আল আমিন ভাইকে (নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য)। তিনি এনসিপিকে নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসেছেন। গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ পরিচালনা করত মাফিয়ারা। সে মাফিয়ারা ৫ আগস্ট পালাতে বাধ্য হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য এ নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জের মানুষের জন্য তৈরি করা। এখানে যেন নতুন কোনো গডফাদার তৈরি না হয়। জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের ছয়টি আসনের একটি এসেছে এ নারায়ণগঞ্জ থেকে। মানুষ শাপলা কলিকে ভালোবেসে ভোট দিয়েছে। আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের স্থানীয় নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে ভালো ফলাফল আনার চেষ্টা করতে হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন সংসদের অধিবেশন শুরু হয়েছে। সেখানে গণভোটের রায় সরকারি দল মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের বিপক্ষে। এ একই কাজ আওয়ামী লীগ করেছে। সরকারি দলের মধ্যেও আমরা সে প্রবণতা দেখছি। তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম সংসদে ও রাজপথে থাকবে। সংসদে গিয়ে আমরা রাজপথকে ভুলে যাবো না। আমাদের শক্তি আরও বৃদ্ধি করতে হবে। নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি যেন আমার চর্চার মধ্যে আসে। আপনারা এখানে সাহসিকতার সঙ্গে সংগঠন করছেন। আপনারা এটা অব্যাহত রাখবেন। নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। জনগণের যেন সুবিধা হয় সেই রাজনীতি করতে হবে।




