রাজনীতি

জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: জামিন পেলেন মানিক-মেনন-ইনু

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার মামলার দিন ধার্য ছিল। এ মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। এ জন্য তাকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাশেদ খান মেননকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ইনুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২১ জানুয়ারি এ মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ অগাস্ট জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে আদালতে মানহানির মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে মানহানিকর কথা বলেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়েও তিনি মানহানিকর কথা বলেন। ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দেন, যা মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!