
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে? আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে যে সে দুর্নীতিবাজ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
একই সমাবেশে এনসিপির উওরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট, যদি গণভোট অসাংবিধানিক হয়, অবৈধ হয়, আপনি সালাহউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান এবং কি বিএনপির সরকারও হচ্ছে অবৈধ সরকার। এই গণভোগ যদি অসাংবিধানিক হয় তাহলে সালাহউদ্দিন আহমেদও অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানও অবৈধ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি আমাদের সাথে অভুত্থানে ছিলো, তারা বিগত সতের বছর নিপীড়িত ছিলো, আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাইনা, কিন্তু আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালি লোটপাট হয়, মাটি লোটপাট হয়, পানি লোটপাট হয়, পারলে খালটাও লোটপাট হয়ে যায়, এই লোটপাটের রাজনীতি বাংলাদেশে হতে দেবোনা। আমরা দেখছি নতুক কার্ড খেলা শুরু হয়েছে, তারেক রহমান ফ্যামেলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এখন ইউনির্ভাসাল কার্ড দেওয়ার কথা বলেছেন, আমরা তারেক রহমানের কাছে জানতে চাই আপনার সেই কার্ডের মধ্যে চাঁদাবাজের কার্ড থাকবে কিনা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই, এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির কাছে দেখতে পাই, মনে রাখবেন তারেক রহমান আগামীতে দেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, হিফজুল বারী বকুল, এনসিপি জামালপুরের সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।




