রাজনীতি

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: সাবেক উপদেষ্টা ফারুকী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ। তার কাছে রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের ‘বহু ঘটনার মিসিং লিংক’ পাওয়া যাবে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজীর দুবাইতে গ্রেপ্তার।’ ‘ভুক্তভোগী পরিবার এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর’-উল্লেখ করে তিনি লেখেন, ‘এখন অপেক্ষা বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’ অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকেই। ক্রাইম থ্রিলার যারা বানাতে চান তারা চোখ রাখতে পারেন!’ এর আগে গতকাল দুপুরে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে ইমেইলের মাধ্যমে সাবেক আইজি বেনজীরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। ইমেইলে বলা হয়, দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। সেখানেই তিনি বর্তমানে আটক রয়েছেন। সালাহউদ্দিন আহমদ সংসদে আরও বলেন, এনসিবি আবুধাবি জানিয়েছে-ইউএই ফেডারেল ল-এর ২০১৬ সালের ৩৯ নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ-সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!