জাতীয়প্রধান খবররাজনীতি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একজন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানি বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু এবং তাসমিয়া প্রধান। অন্যদিকে, মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুনানিতে জানা যায়, তিনি পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। গত বছরের শেষ দিকে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর সময় অতিবাহিত না হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন হয় না এ বিষয়টি বিবেচনায় নিয়েই তার প্রার্থিতা যাচাই করা হচ্ছে। এ কারণে তার মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্তের জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তিনি আত্মপক্ষ সমর্থন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন বলে জানায় ইসি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!