এবারের ঈদটি ছিল সেরা: ইসি আনোয়ারুল

সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরকে সেরা আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, “এবারেরটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজসহ ইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাত দিনের ছুটির পর ইসিতে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে। এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




