সারাদেশ

মাদারীপুরে সালিশ বৈঠকে ডেকে এনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর জেলার রাজৈরে চুরির ঘটনায় সালিশ বৈঠকে ডেকে এনে জাকির শেখ নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। ঘটনার পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুদ্ধরা। গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এই ঘটনায় থানায় লিখিত দেন ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। এসময় বাধা দেওয়ায় নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশীর কথা বলে রাসেলের শ্বশুরকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। একপর্যায়ে ফল ব্যবসায়ী জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর অভিযুক্তদের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত রাসেল বেপারী বলেন, পরিকল্পিতভাবে আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। সামান্য চুরির বিষয় নিয়ে এভাবে হত্যার মতো ঘটনা হবে, সেটা বুঝতে পারিনি। রাজৈর থানার ওসি (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, এলাকার জমিজমা নিয়ে বিরোধ ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। দোষীদের ধরতে এরই মধ্যে পুলিশ কাজ করছে। এছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!