জাতীয়

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যায় ২৫৪: সংসদে তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন গতকাল সোমবার নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের বৈঠকে এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। বিটিভির ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে সংসদে তুলে ধরেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬টি ও নিবন্ধিত পোর্টাল ৪৭৪টি: দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, এক হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। তবে অনুমোদন পাওয়া সব টিভি চ্যানেল এখনও সম্প্রচারে আসেনি। গতকাল সোমবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের গণমাধ্যমগুলোর এই পরিসংখ্যান তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান। সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নে জানতে চান, দেশে এই মুহূর্তে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো এবং কী কী? দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকার সংখ্যা কতটি এবং কী কী? প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি। আর সরকারের পক্ষ থেকে অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। অর্থাৎ, সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে টিভি চ্যানেল রয়েছে ৫৯টি। তবে এর মধ্যে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকায় ৫৯৩ ও জেলায় ৮৪৩ দৈনিক পত্রিকা: পত্রিকার পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, সারা দেশ থেকে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৯৩টি দৈনিক। আর ঢাকার বাইরে অন্যান্য জেলা থেকে প্রকাশিত হচ্ছে ৮৪৩টি পত্রিকা।
নিবন্ধিত অনলাইন পোর্টাল ৪৭৪টি: অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে তথ্যমন্ত্রী সংসদে জানান, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে কেবল ‘অনলাইন নিউজ পোর্টাল’ ক্যাটাগরিতে নিবন্ধন পেয়েছে ২৮২টি। এছাড়া ‘দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল’ ক্যাটাগরিতে ১৩১টি এবং ‘অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক)’ ক্যাটাগরিতে ৬১টি পোর্টাল নিবন্ধিত রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!