হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলের সঙ্গে এক গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। তিনটি গোলই এসেছে প্রথমার্ধে।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের আক্রমণভাগ ও মিডফিল্ড নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে কার্যকর একজন স্ট্রাইকারের অভাব নিয়ে সমালোচনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটে গত শুক্রবার হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। ইগোর থিয়াগোর জায়গায় সুযোগ পান ম্যাথিউস কুনিয়া, আর সেই আস্থার প্রতিদান দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১৩ মিনিটে রাফিনিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৩ মিনিটে ভিনিসিউসের শট ফিরিয়ে দিলে জটলার মধ্যে বল জালে পাঠান কুনিয়া। ৩৭ মিনিটে ভিনিসিউসের দারুণ পাস থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার নিখুঁত পাস ধরে বাম প্রান্ত দিয়ে দৌড়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস জুনিয়র। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। বদলি হিসেবে নেমে এন্দ্রিক একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে ৬৪ মিনিটে কর্নার থেকে রিকার্ডো আদের হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। পরে দানিলো বিপদমুক্ত করেন দলকে।
হাইতির বিপক্ষে জয়টি ব্রাজিলের জন্য শুধু তিন পয়েন্ট নয়, আত্মবিশ^াস ফিরে পাওয়ার উপলক্ষও হয়ে এসেছে। মরক্কোর বিপক্ষে সমালোচিত মিডফিল্ড এদিন অনেক বেশি কার্যকর ছিল। কুনিয়া আক্রমণভাগে গোল করার পাশাপাশি নিচে নেমে খেলা তৈরি করায় ভিনিসিউস ও রাফিনিয়ার জন্যও জায়গা তৈরি হয়।
ম্যাচ শেষে ব্রাজিলের পারফরম্যান্সে সবচেয়ে বেশি আলোচনায় কুনিয়া ও ভিনিসিউস। ভিনিসিউস একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্কটল্যান্ড। টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।




