সৌদি আরবে হুথিদের হামলায় ১১ বেসামরিক নাগরিক আহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে ৪ বছর বয়সী একজন শিশু ও রয়েছে। শিশুটি গুরুতর দগ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি গতকাল শুক্রবার জানান, নাজরান প্রদেশে চালানো এই হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুইজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। এদিকে সৌদি আরব সতর্ক করে বলেছে, হুথি বিদ্রোহী এবং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা সমন্বিতভাবে আরো হামলা চালাতে পারে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরান সমর্থিত হুথিরা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করছে। তিনি বলেন, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোট প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। এদিকে গত বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাজরামাউত প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে হুথিরা ৩০ জনের বেশি সরকারি সেনাকে হত্যা করেছে। এর আগে, ২৯ জুলাই সৌদি আরব জানায়, তারা ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে সামরিক অভিযান চালিয়েছে।




