জাতীয়প্রধান খবর

সামাজিক মূল্যবোধ ও আচরণগত ইতিবাচক পরিবর্তন জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানুষের সামাজিক মূল্যবোধ ও আচরণগত ইতিবাচক পরিবর্তন জরুরি। তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বল্পদৈর্ঘ্য ভিডিওচিত্র (রিলস) তৈরির উদ্যোগ নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো এই উদ্যোগে বিশেষ প্রাধান্য পাবে। গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন’ (আইসিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নাগরিক আচরণ পরিবর্তন ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনের লক্ষ্যে আইসিএফ কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তিনি বলেন, কেবল মানব আচরণই নয়, বরং পশুপাখির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতেও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া সড়ক ব্যবহারের শৃঙ্খলা রক্ষা এবং রাস্তাঘাট নোংরা না করার মতো মৌলিক নাগরিক দায়িত্বগুলো প্রাথমিক স্তর থেকেই মানুষকে শেখানোর দরকার। তিনি রাস্তায় যত্রতত্র থুথু না ফেলা এবং ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে যেকোনো বয়স্ক মানুষকে অপমান করাকে অনেকে ‘স্মার্টনেস’ মনে করে, যা সম্পূর্ণ ভুল এবং অন্যায়। মানুষের আচরণগত ও অভ্যাসগত নেতিবাচক পরিবর্তনের কারণে সমাজে অল্প বয়সেই নানা জটিল রোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নতুন স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যাকে বিশেষ ফোকাস দিচ্ছে। সুস্থ থাকার জন্য মানুষকে নিয়মিত হাঁটার অভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের (আইসিএফ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আইসিএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমির সংগঠনের মূল লক্ষ্য, ভবিষ্যৎ স্বপ্ন এবং সামাজিক রূপান্তরের কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর অনুষ্ঠানে নাগরিক আচরণ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর দু’টি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!