সারাদেশ
মাদারগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর প্রতিনিধি খাদেমুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অপুষ্টি প্রতিরোধে সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহ এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




