সারাদেশ
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। বুধবার রাতে জামালপুর শহরের কদমতলা পুরাতন বাসস্ট্যান্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভায় বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, বায়তুল মামুর মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




