বাংলাদেশ চ্যাম্পিয়ন্সদের হারালো ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সেরা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। মাঝে হোঁচট খেলেও শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের এই রান বেশ সহজেই তুড়ি মেরে পেরিয়ে গেছে ইংলিশরা। ২৩ বল হাতে রেখে তুলে নিয়েছে ৭ উইকেটের সহজ জয়। ওপেনিংয়ে নেমেছিলেন ইমরুল কায়েস এবং রনি তালুকদার। ইমরুল ৪ বলে ৪ রানের বেশি করতে পারেননি। রনি এক প্রান্ত আগলে রেখেছেন। দারুণ সব শটে রান বের করেছেন। খেলেছেন ৩৭ বলে ৪৪ রানের ঝলমলে এক ইনিংস। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছিলেন দারুণ সাবলীল। ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। চারে নামা জহুরুল ইসলাম খেলেছেন ১৮ বলে ১৬ রানের ইনিংস। জহুরুলের বিদায়ের পর যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে। একের পর এক উইকেট হারিয়েছে টাইগাররা। শেষ দিকে কিছু রান তুলেছেন আরাফাত সানি। সাথে ছিলেন আবু জায়েদ চৌধুরী রাহি। ১২ বলে ১৫ রান করে সানি বিদায় নিলেও রাহি ছিলেন দুর্দান্ত। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান তুলেছেন। ১৬ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। বাংলাদেশও পেয়েছে লড়াকু পুঁজি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেছেন সামিত প্যাটেল। ২ উইকেট নেন রায়ান সাইডবটম। জবাব দিতে নেমে রবি বোপারার ব্যাটে ভর করে দারুণ শুরু পেয়েছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। এক প্রান্ত আগলে রেখে খেলেছেন বোপারা। রানও বের করেছেন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। ওপেনিং জুটিতে আসে ২৯ রান। ১১ বলে ১৮ রান করা ডেভিড মালানকে ফেরান আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নেমে জেসন রয়ও ভালো শুরু পেয়েছেন। আরেক প্রান্তে বোপারার ধুমধাড়াক্কা ব্যাটিং চলেছে। ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলেছেন রয়, তাকে ফেরান এনামুল হক জুনিয়র। দারুণ এক ডেলিভারিতে জেসন রয়কে বোল্ড করেছেন এনামুল। এরপর সুবিধা করতে পারেননি সামিত প্যাটেল। ১৫ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। আরেক প্রান্তে বোপারা ছিলেন সাবলীল। ছুঁয়ে ফেলেন ফিফটি। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে অনেকটা এগিয়ে দেন বোপারা। জয়ের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ দিকে ক্রিজে আসেন ফিল মাস্টার্ড। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন তিনি। বোপারা-মাস্টার্ডে ভর করে দারুণ গতিতে এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। বাংলাদেশের বোলাররা সুবিধা করতে পারেননি সেভাবে। তাদের পিটিয়ে তক্তা বানিয়েছেন ইংলিশ ব্যাটাররা। বোপারা সেঞ্চুরির দিকে ছুটলেও সেঞ্চুরির আগেই জয় চলে এসেছে। মাস্টার্ডও ফিফটির আগেই জয় পেয়ে গেছে দল। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ২৩ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ইংলিশরা। ১৭ বলে ৩৭ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন মাস্টার্ড। আরেক প্রান্তে বোপারা ছিলেন অনবদ্য। ৪৫ বলে ৭৭ রান করে টিকে ছিলেন রবি বোপারা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র এবং আবু জায়েদ চৌধুরী রাহি।




