বিনোদন

বক্স অফিসে দারুণ সূচনা করলো ‘ককটেল ২’

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’। মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে টিকিট বিক্রি ও আয়-ব্যবসার হিসাবেও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির আগে ছবিটির জন্য প্রায় ১ লাখ ৬০ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছিল। সেখান থেকেই আয় হয় প্রায় ৫ কোটি ৫৭ লাখ রুপি। ফলে ট্রেড বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম দিনে ছবিটির আয় ১০ থেকে ১২ কোটির মধ্যে থাকতে পারে। তবে সব পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়ে মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘ককটেল ২’। এতে করে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’র প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি। প্রথম ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেছিলেন সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। ছবিটি মুক্তির দিনে আয় করেছিল ১০ কোটি ৯৫ লাখ রুপি। সেই তুলনায় সিক্যুেয়লটির উদ্বোধনী আয় উল্লেখযোগ্যভাবে বেশি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া পেয়েছে ‘ককটেল ২’। বিদেশি বাজার থেকে প্রথম দিনে প্রায় ৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ^ব্যাপী প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ২০ কোটি ২০ লাখ রুপিতে। বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তের সুবিধা, মুক্তির আগেই জনপ্রিয় হয়ে ওঠা গান এবং শহিদ-রাশমিকা-কৃতির নতুন জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল-সব মিলিয়ে ছবিটির প্রতি আগ্রহ বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের সাফল্যের পর এখন ট্রেড মহলের নজর সপ্তাহান্তের সংগ্রহের দিকে। তাদের ধারণা, বর্তমান গতি ধরে রাখতে পারলে সপ্তাহান্ত শেষ হওয়ার আগেই ৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে ‘ককটেল ২’।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!