বিনোদন

প্রার্থী হিসেবে না থাকলেও আলোচনার কেন্দ্রে বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়ায় বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনে নিজে প্রার্থী হিসেবে না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দার আড়ালে থেকেও ‘আরমান-মুক্তি’ প্যানেলের জন্য সরাসরি মাঠে নেমেছেন তিনি। গত সোমবার এফডিসিতে এসে নির্বাচন কমিশনের কাছে এই প্যানেলের মনোনয়নপত্র জমা দেন তিনি। এবারের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর কথা ছিল বাপ্পারাজের তবে শেষ মুহূর্তে এসে হিসেব-নিকেশ বদলে যায়। পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার অজুহাত দেখিয়ে নির্বাচনের লড়াই থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। বাপ্পারাজ সরে দাঁড়ালেও তার তৈরি করা প্যানেল কিন্তু থমকে যায়নি। সভাপতি পদে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন প্রযোজক আরমান। আর তার সঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। নির্বাচনে নিজে না থেকেও প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতেই আজ এফডিসিতে এসেছি।’ তার কথায়, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম যে নির্বাচনে না থাকলেও ওদের পাশে আমি সবসময় আছি। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে।’ প্রসঙ্গত, আগামী ৩ জুলাই এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!