দেশে আ.লীগ ফিরে আসবে কি, আসবেনা তা নির্ভর করবে আমাদের কর্মকান্ডের উপর: বাবুল এমপি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক আচরণের ওপর বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে এমপি বাবুল বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড ও আচার-আচরণের ওপর। আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, গণতন্ত্র রক্ষা করতে পারি, ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারি, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, অন্যদিকে আমরা যদি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হই, দুর্নীতিতে জড়িয়ে পড়ি এবং জনগণের আস্থা হারাই, তাহলে সেই রাজনৈতিক বাস্তবতাই আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি করে দেবে।
উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এমপি বাবুল বলেন, বিএনপি সরকারের গত পাঁচ মাসে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও গোরস্থানের উন্নয়নে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ১২৯টি মসজিদ ও মাদ্রাসা এবং ৩৫টি ঈদগাহ মাঠ ও গোরস্থানে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও উন্নয়ন অনুদান বিতরণ করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার কবির কাদির তালুকদার শ্যামল, এম. রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ আনন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন ও শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা গণতন্ত্রের চর্চা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নিজ বক্তব্যের শেষাংশে এমপি বাবুল বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় কোথাও কোথাও ভুল-ত্রুটি হতে পারে। তবে সেসব দ্রুত সংশোধনের চেষ্টা করা হচ্ছে। সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং দলীয় নীতি-আদর্শ অক্ষুণ্ন রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের দলীয় বিশৃঙ্খলা বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।




