দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১৩। আটকরা হলেন- বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় সার-কীটনাশক ব্যবসায়ী মো. আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছেন। বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানানা, এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদেরকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।




