রাজনীতি

ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব নাকচ করল জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে ডেপুটি স্পিকার পদ নেওয়ার একটি অনানুষ্ঠানিক প্রস্তাব নাকচ করে দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, সংসদে ‘জুলাই সনদ’ ও ‘সংবিধান সংস্কার কমিশন’-এর বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, আমরা আপাতত ডেপুটি স্পিকার পদটি নিচ্ছি না। অধিবেশন শুরু হলে প্রথমে জুলাই চার্টার (সনদ), সংস্কার এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে হবে। এসব বিষয়ে নিষ্পত্তি হওয়ার পর যদি আনুষ্ঠানিক প্রস্তাব আসে, তখন আমরা সিদ্ধান্ত জানাব। এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে দলটি। জামায়াত নেতারা রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে বিরোধী দল একটি সিদ্ধান্তে পৌঁছেছে, যা অধিবেশনের সময় স্পষ্ট করা হবে বলে জানানো হয়। বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও সরকারি দল তা নেয়নি। আমাদের দাবি হচ্ছে, এই সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!