জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির সময় পেট্রোলসহ ৭ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রোল তেলসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে স্থানীয় এলাকাবাসী সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়িতে ওই ৭ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি চক্র জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে ড্রামে করে পেট্রোল তেল মজুদ করে বিক্রির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বুধবার ভোর রাতে বাজারে হানা দেয় । পরে ১৪ টি ড্রামে ৩ হাজার ৫২ লিটার পেট্রোল তেলসহ ৭ ব্যক্তিকে আটক করেন তাঁরা।

জনতার হাতে আটককৃতরা হলেন আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের বাড়ি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়। এদের মধ্যে একজনের বাড়ি বগুড়া জেলায়। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্থানীয় জনতা কর্তৃক তেল জব্দ ও ৭ জনকে আটকের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ইউএনওর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে কয়েকদিন থেকে সারাদেশের ন্যায় জামালপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দেয়। বিভিন্ন তেলের পাম্প গুলোতে সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও আবার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে সিন্ডিকেটের কারণে সেই তেলও যাচ্ছে কালোবাজারিদের দখলে। পাম্প গুলোতে সামান্য তেল পাওয়া গেলেও খোলা বাজারে বা কালোবাজারে বাড়তি দামে অহরহ মিলছে পেট্রোল, অকটেন ও ডিজেল। এতে করে ভুক্তভোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।




