রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার শতাধিক

রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো জয়। ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, যাত্রাবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দু’জন, পুরোনো মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, অন্যান্য ধারায় একজন এবং মোবাইল কোর্টে ১২ জন রয়েছেন। এদিকে, রাজধানীর উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন জদ্ধ করা হয়। এছাড়া রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দশজন, শেরে বাংলা নগর ও আদাবর থানায় পাঁচজন করে এবং হাতিরঝিল থানায় চারজন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।




