সারাদেশ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। রবিবার দুপুরে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারি এবং একই উপজেলার আগপয়লা এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, আজ দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরে আসার সময় মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে চালকসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই নারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে মনোয়ারা বেগম নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি। এ সময় দুর্ঘটনায় আহত দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান, জীবন মিয়া, শফিকুল ইসলাম ও এনজিও কর্মী ফাতেমা নার্গিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে নাজমিন নাহার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কিছুদিন আগে শিশু নাজনীন মায়ের সাথে নানাবাড়ি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামে বেড়াতে আসে। রবিবার দুপুরে বাড়ি সংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশু নাজমিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজমিনের মৃত্যু হয়।

নিহত নাজমিন নাহার মেলান্দহ উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ছিলো।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!