
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে আব্দুল হাকিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, প্রায় ৫ বছর আগে পাশের এলাকা নরুন্দি কচুনধরা গ্রামের কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সঙ্গে আব্দুল হাকিমের ছেলে শামীমের বিয়ে হয়। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক বিরোধের জেরে বিষয়টি মীমাংসার জন্য ওই রাতে নিহত আব্দুল হাকিমের বাড়িতে সালিস বসে।
সালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শামীমের শ্বশুরসহ তার স্বজনরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




