সারাদেশ

মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবুল কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম ওই এলাকার আব্দুল গণির ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের ফসলি জমিতে সেচ দিতে যান রিনা বেগম।  বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় স্ত্রীকে ছটফট করতে দেখে আবুল কাশেম তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল কাশেমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই রিনা বেগমের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!