জামালপুরে কলেজ ছাত্রী অপহরণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণের মামলায় আপেল মিয়া নামে এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আপেল মিয়া (২৫) মেলান্দহ উপজেলার বেল তৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।
আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর জেলা শহরের জাহেদা শফির মহিলা কলেজ যাওয়ার পথে কলেজ ছাত্রী (১৬) কে জোরপূর্বক মাইক্রো গাড়িতে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামী আপেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।




