বিনোদন

‘চক্র ২’-এর সাফল্যে অভিভূত তৌসিফ

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র ২’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন তৌসিফ মাহবুব। সিরিজটি ঘিরে দর্শকদের প্রশংসা, ভবিষ্যৎ পরিকল্পনা, ওটিটি ও সিনেমা নিয়ে নিজের ভাবনা মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেতা। এবারের পহেলা বৈশাখে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তৌসিফের। কারণ দিনটিতেও তাকে ব্যস্ত থাকতে হয়েছে নাটকের শুটিংয়ে। তবে উৎসবকে ফিকে হতে দেননি তিনি। বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে গিয়ে আবারও সহকর্মীদের সঙ্গে উদযাপনে মেতেছেন। এদিকে ‘চক্র ২’ প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় অভিভূত তৌসিফ। তার ভাষায়, প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে সাড়া। ঈদের কনটেন্টের ভিড়েও সিরিজটি আলাদা করে আলোচনায় এসেছে, যা তার ক্যারিয়ারে বড় প্রাপ্তি। এ সিরিজে ড. হুমায়ূন চরিত্রটি তৌসিফের ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং। বাইরে থেকে সাধারণ মনে হলেও চরিত্রটির ভেতরে রয়েছে বহু স্তর। দীর্ঘ প্রস্তুতি, গবেষণা এবং সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। বিশেষ করে ‘এভিল’ সংলাপ ছাড়াই জটিল এক ব্যক্তিত্বকে উপস্থাপন করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। এবার চলছে তৃতীয় সিজনের প্রস্তুতি। আগেই পরিকল্পনা করা ছিল পরবর্তী সিজন। সিরিজের শেষেই ‘চক্র ৩’র ঘোষণা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সিজন আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়। ওটিটিতে আসতে সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তৌসিফ। তার মতে, সঠিক গল্প না পেলে কাজ করা উচিত নয়। এর আগে নাটকে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কাজ করলেও, ওটিটিতে নিজের মতো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ‘চক্র’ সিরিজের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়েছে। সিনেমায় আসতে চান প্রস্তুতি নিয়ে সহশিল্পীদের অনেকেই বড় পর্দায় নিয়মিত হলেও তৌসিফ এখনই সেই পথে হাঁটতে রাজি নন। তার মতে, সিনেমা অনেক বড় দায়িত্বের জায়গা। পুরোপুরি প্রস্তুত না হয়ে শুধু পর্দায় উপস্থিত হওয়ার জন্য কাজ করতে চান না। যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখনই বড় পর্দায় অভিষেক ঘটবে তার।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!