গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা

গাজীপুরের শ্রীপুরে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড, গিলারচালা (আসপাডা) ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের ঘটনায় গিলারচালা (আসপাডা) এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিকের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই শ্রমিক কীভাবে আহত হলেন, তা জানতে চেয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে এসে জড়ো হন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়। এরপর একে একে ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্লান্ট, মেঘনা ডেনিম লিমিটেড, আমান টেক্সটাইল মিলস লিমিটেড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, ফখরুদ্দিন গার্মেন্টস, হ্যামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টর ইন্টিমেটস লিমিটেড ও ক্রিস্টাল গার্মেন্টস লিমিটেডে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানায় বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালালে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বের হয়ে আনসার রোড, আসপাডা ও মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় আতঙ্কে প্রায় আধা ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুরে বন্ধ ২১ কারখানা: এদিকে, গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও আশপাশের কারখানায় হামলার ঘটনায় একে একে বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি শিল্পকারখানা। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ হাজার শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শ্রীপুরের বেরাইদেরচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বেরাইদেরচালা এলাকার ভিন্টেজ ডেনিম লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টা ১০ মিনিটে কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে কারখানা থেকে বের হয়ে শ্রমিকদের একটি অংশ আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। এতে পার্শ্ববর্তী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অন্যান্য কারখানাও ছুটি ঘোষণা করে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী, বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ভিন্টেজ ডেনিম লিমিটেড, জুবায়ের স্পিনিং লিমিটেড, সাবলাইম গ্রিনটেক্স লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ইউনিসেন্স অ্যাপারেলস, সাস্টেইনেবল ওয়েট প্রসেসিং, নোমান হোম টেক্সটাইল, এস এম এক্সেসরিজ, মেঘনা ডেনিম লিমিটেড, প্রবৃদ্ধি অ্যাপারেলস, ফখরুদ্দিন টেক্সটাইল, ক্রিস্টাল মার্টিন, আরমাদা স্পিনিং, ডেনিম্যাক লিমিটেড, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আমান টেক্স লিমিটেড, ক্রিস্টাল এলিগেন্স ও রাতুল অ্যাপারেলস। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, এসব কারখানায় মোট ৭০ হাজার ৪৪৬ জন শ্রমিক কাজ করেন। এর মধ্যে ফখরুদ্দিন টেক্সটাইল ও ডেনিম্যাক লিমিটেডে ১০ হাজার করে, আমান টেক্স লিমিটেডে ৮ হাজার ৫০০, হ্যামস গার্মেন্টসে ৭ হাজার এবং মেঘনা ডেনিম লিমিটেডে ৫ হাজার ৫০০ শ্রমিক রয়েছেন। একটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি থেকে শুরু হওয়া অসন্তোষ দ্রুত আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ায় শ্রীপুরের ওই শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মস্থলে অনুপস্থিতি এবং কারখানাগুলো পুনরায় চালুর সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এসব কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সুনির্দিষ্ট বিষয় এবং কারখানা কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।




