পাল্টাপাল্টি হামলা: ইউক্রেনে নিহত ১১, রাশিয়ায় তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে গত রোববার রাতে রুশ ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে তেল অবকাঠামোসহ বিভিন্ন স্থানে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, কিয়েভে বিধ্বস্ত আবাসিক ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে রাতভর চলা অভিযানে উদ্ধারকর্মীরা ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। সংস্থাটি জানায়, উদ্ধারকর্মীরা সারা রাত তল্লাশি চালিয়ে গেছেন। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান হামলার সতর্কবার্তা চলাকালীন উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটির জেলার আকাশে রাতভর ৮০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। স্লিউসার আরও জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখানে কাজ করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। নভোশাখতিনস্কের বাসিন্দারা রাতভর বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমগুলোর দাবি, দক্ষিণ রাশিয়ার অন্যতম প্রধান তেল শোধনাগার ‘নভোশাখতিনস্ক অয়েল প্রোডাক্টস প্ল্যান্ট’-এ এই হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার সকালে আঞ্চলিক প্রধান রুস্তম মিনিখানবের প্রেস সার্ভিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব তাতারস্তানেও ড্রোন হামলা হয়েছে। এতে আলমেটিয়েভস্কের কাছে বেশ কয়েকটি তেল সংরক্ষাণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত জ¦ালানি, লজিস্টিক ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দনিপ্রোর একটি ৩৩০-কিলোভোল্ট বিদ্যুৎ সাবস্টেশন, ওডেসা অঞ্চলের ইজমাইল বন্দর স্থাপনা এবং ওডেসার দক্ষিণ-পশ্চিমে সামরিক রসদ বহনকারী একটি পণ্যবাহী জাহাজ। পাশাপাশি দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দনিপ্রোদজারঝিনস্ক রেলস্টেশনের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত দুটি রেল ইঞ্জিনেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।তবে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।




