সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা অংশ নিয়েছে, সেই রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে এই ঐক্য শুধু কোনো নির্দিষ্ট দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন। গতকাল সোমবার বিকেল ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধীদল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছি। সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই এ কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি। নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ কারণে সংস্কার অত্যন্ত জরুরি। বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত, চার্জশিট দাখিলসহ সামগ্রিক আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা ভিকটিম হয়েছেন, তারা যাতে ন্যায়বিচার পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গঙ্গা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তির বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কঠোরভাবে তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং একটি গণহত্যাকারী দলকে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে। বিষয়টি এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ভূরাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন দেশীয় শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে আমরা মনে করি। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইযোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব কর্মসূচিতে পলাতক আওয়ামী লীগের নেতাদেরও যুক্ত হতে দেখা যাচ্ছে। বাংলাদেশবিরোধী এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, দেশের আলেম-ওলামা, মাজার-দরগার অনুসারী, সুফি, সাংস্কৃতিক কর্মী ও হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক শক্তির সঙ্গে সরকারকে আলোচনা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে হবে। তিনি আরও বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে। এজন্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি আধিপত্যবাদ মোকাবিলায় একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে, যাতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে। নাহিদ ইসলাম বলেন, সরকারে যারা আছেন, বর্তমান পরিস্থিতির জন্য তাদের দায়িত্ব বেশি। তাদেরও কিছু ভুলত্রুটি ছিল। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান ও সুপারিশ জানিয়েছি। এ লড়াই কোনো দলীয় লড়াই নয়, এটি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার লড়াই। এ সময় এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




