গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)। স্থানীয়রা জানান, সাহরির সময় খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ এলাকায় কয়েকজন একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময় গ্রামের লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে এলাকার লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ওসি আব্দুল আলিম জানান, ভোর ৪টার দিকে খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে সড়কে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন ছিনতাইকারী দলের সদস্যরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করেন। পরে গণপিটুনিতে দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।




