রাজনীতি

গণরায় প্রত্যাখ্যান করলে আরেকটি ৫ আগস্ট আসন্ন: মাসুদ

গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করলে দেশে আরেকটি ‘৫ আগস্ট’ সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ‘জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার’ এই দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। মাসুদ বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, আপনারা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতার বলে যদি তা প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন, জনগণ গত ৫ তারিখে (আগস্ট) সংসদে গিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। সেই জনতাকে উপেক্ষা করার ফল শুভ হবে না। তিনি আরও বলেন, নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু ৫ আগস্টের সেই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে এদেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত ব্যক্ত করেছে, তাকে অস্বীকার করা মানে হলো আরেকটি গণঅভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে। এই সংসদ সদস্য বলেন, আমরা প্রত্যাশা করি, ১১ দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সরকার জনগণের পালস বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে। বাদ আসর অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!