সারাদেশ

কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকা পড়লেন তরুণ

কুমিল্লা নগরীর আদালত সংলগ্ন এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকা পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামে এক তরুণ। তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে আর বাকি অংশ ভেতরে আটকা পড়ে। জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ভবনটির মালিক মোহাম্মদ আলী। ওই ভবনের নিচতলায় একটি ভাড়াটিয়া পরিবার বসবাস করেন। সেখানেই চুরি করতে গিয়ে জিহাদ আটকা পড়েন। কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্ব পাশে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গত সোমবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ঘটনাটি রোববারের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে জিহাদ আটকে আছেন। জিহাদ বের হওয়ার চেষ্টা করছেন। উৎসুক মানুষ তাকে দেখছেন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করেন। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল খালেক জানান, রোববার দুপুরে ওই বাসায় চিৎকার শুনে তারা গিয়ে দেখেন এক যুবক গ্রিলের ফাঁকে আটকে আছেন। তিনি চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিলেন। তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার গত সোমবার রাতে জানান, আটকে পড়া যুবককে উদ্ধার করা হয়েছে। ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!